স্বপন কুমার সিং:
হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী নৃসিংহ জিউ মন্দির (ইসকন)-এ অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম আধ্যাত্মিক গুরু, পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম আবির্ভাব তিথি (ব্যাসপূজা) ও মহোৎসব।
রোববার (২৯ মার্চ) দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচীর মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।
উৎসবের সূচনা হয় ভোরবেলায় মঙ্গল আরতি ও কীর্তন দিয়ে, যেখানে হাজার হাজার ভক্তরা গুরুমহারাজের সুস্বাস্থ্য ও আধ্যাত্মিক কল্যাণ কামনায় হরেকৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তন করেন। এরপর ব্যাসপূজা ও পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা গুরুমহারাজের পাদপদ্মে শ্রদ্ধা নিবেদন করেন। মন্দিরের প্রবীণ ভক্ত ও সেবকরা গুরুমহারাজের জীবনী, ত্যাগ ও প্রচার কার্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দুপুরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠান। এই পবিত্র পর্বে শাস্ত্রবিধি অনুসারে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গুরুমহারাজের বিগ্রহে পবিত্র স্নান (অভিষেক) করানো হয়। দুধ, দই, ঘি, মধু ও চিনি সহ বিভিন্ন পবিত্র দ্রব্য দ্বারা এই অভিষেক সম্পন্ন হয়, যা ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক অনুভূতি ও ভক্তির সঞ্চার করে।
উৎসবে হবিগঞ্জের ভক্তদের প্রতি গুরুমহারাজের অসীম করুণা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমাপ্তিতে, একাদশীর দিনে হওয়ায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ভক্তরা জানান, গুরুমহারাজের উপস্থিতি ও আশীর্বাদ তাদের আধ্যাত্মিক অনুপ্রেরণায় প্রতিনিয়ত উদ্দীপনা জাগাচ্ছে।
উৎসবটি সফল করতে মন্দিরের সেবক ও ভক্তবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। উল্লেখ্য, হবিগঞ্জ মন্দিরের অধ্যক্ষ শ্রী উদয় গৌর ব্রহ্মচারী মায়াপুর ধামে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেই অভিজ্ঞতা স্থানীয় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।