শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন।
Manual7 Ad Code
এর আগে বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি।
এর আগে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি। সুএ:বাংলা ট্রিবিউন