জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি যাচাই করতে হবিগঞ্জে ফোর্স মোবিলাইজেশন ড্রিল (Force Mobilization Drill) অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের দিকনির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকাগুলোতে এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় সুরক্ষা সরঞ্জামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের নির্ধারিত স্থানে দ্রুত সমবেত করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী।
ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়া, আন্তঃইউনিট সমন্বয় জোরদার এবং মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্রস্তুতি ও শৃঙ্খলা যাচাই করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।
পাশাপাশি এ ধরনের মহড়ার মাধ্যমে সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধ আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।