মানিকগঞ্জে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Manual4 Ad Code
জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এসব স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক কার্যালয় এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
Manual8 Ad Code
স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে ধারাবাহিক বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
Manual7 Ad Code
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও ডিবির তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি কাজ করছে।
সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি বলেন, উত্তেজিত জনতা ও নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
তথ্য সুএঃ যুগান্তর