আজ বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে সাবওয়ের দরজায় ব্যাগ আটকে ট্রেনে টেনে নিয়ে ৫৭ বছরের যাত্রীর মৃত্যু

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ণ
নিউইয়র্কে সাবওয়ের দরজায় ব্যাগ আটকে ট্রেনে টেনে নিয়ে ৫৭ বছরের যাত্রীর মৃত্যু

Manual1 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে চলন্ত সাবওয়ে ট্রেনের দরজায় শপিং ব্যাগ আটকে যাওয়ার পর ট্রেনের সঙ্গে টেনে নিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির বয়স ৫৭ বছর।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর।
নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেস্যান্ট এলাকার ইউটিকা অ্যাভিনিউ স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াও বোয়াহেনে। তিনি ব্রুকলিনের বাসিন্দা।
পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, বোয়াহেনে একটি ‘এ’ ট্রেন থেকে নামছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ট্রেনের বন্ধ হয়ে আসা দরজায় আটকে যায়। ট্রেনটি চলতে শুরু করলে ব্যাগের সঙ্গে তিনিও পেছনের দিকে টেনে যেতে থাকেন।
একপর্যায়ে তিনি ট্রেনের বগিগুলোর মাঝের অংশ দিয়ে রেললাইনে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে রেললাইনের ওপর অচেতন ও সাড়াহীন অবস্থায় দেখতে পায়। পরে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, নিহতের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিউইয়র্ক সিটি অফিস অব চিফ মেডিক্যাল এক্সামিনার নির্ধারণ করবে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পুরো ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ঘটনার সময় স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭-কে জানান, তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি দেখেন।
পুলিশ প্রথমে আটকে যাওয়া জিনিসটিকে ব্যাকপ্যাক হিসেবে উল্লেখ করেছিল। পরে সেটি শপিং ব্যাগ ছিল বলে সংশোধন করা হয়। এখন পর্যন্ত ঘটনাটিতে অপরাধমূলক সংশ্লিষ্টতার কোনো তথ্য জানায়নি পুলিশ।
তদন্তকারীরা ব্যাগটি কীভাবে ট্রেনের দরজায় আটকে গেল এবং ট্রেন চলার পর কীভাবে বোয়াহেনে রেললাইনে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছেন।
নিউইয়র্কের সাবওয়েতে এ ধরনের দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে এর আগেও একই ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
২০২২ সালে ম্যানহাটনের কলম্বাস সার্কেল স্টেশনে একটি ১ নম্বর ট্রেনের দরজায় পোশাক আটকে গিয়ে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছিল।
বোয়াহেনের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার পুরো পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে নিউইয়র্ক পুলিশ সংবাদ মাধ্যমে কে অবহিত করেন।