আজ মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে যা বললেন আইজিপি

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ণ
মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে যা বললেন আইজিপি

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অপরাধীদের দমনে প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Manual3 Ad Code

সোমবার (১৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

Manual8 Ad Code

আইজিপি আলী হোসেন ফকির জানান, প্রতিটি জেলা ও উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং পুলিশের বিশেষ শাখা (এসবি) সমন্বিতভাবে চিহ্নিত অপরাধীদের তালিকা চূড়ান্ত করবে। তিনি বলেন, সমাজে গুটি কয়েক দুষ্কৃতকারীর কারণে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সৃষ্টি হয়। এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দীর্ঘ মেয়াদে তারা যাতে সহজেই জামিন না পায়, সে বিষয়েও প্রসিকিউশন ও আদালতকে অবগত করা হবে।

Manual5 Ad Code

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে পুলিশপ্রধান বলেন, মাদকের বিষাক্ত ছোবলে তরুণ সমাজের একাংশ ধ্বংসের মুখে পড়ছে এবং পারিবারিক সহিংসতার ঘটনা বাড়ছে। এই অভিশাপ থেকে যুবসমাজকে বাঁচাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে; সন্তানরা কোথায় যায় এবং কার সঙ্গে মেলামেশা করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখতে হবে।

তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে প্রতিটি পাড়া-মহল্লায় স্থানীয় সচেতন ব্যক্তিদের নিয়ে প্রতিরোধ কমিটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মরণনেশা ইয়াবার কারণে সমাজে হত্যাকাণ্ডের মতো নৃশংস অপরাধও সংঘটিত হচ্ছে বলে তিনি সতর্ক করেন।

চলমান দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি আশ্বস্ত করে বলেন, পূজাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে কোনো কুচক্রী বা দুষ্ট মহল যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশজুড়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশেই দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং আমলাপাড়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Manual8 Ad Code