আজ , ,

হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ভক্ত-দর্শনার্থীর ঢল; দিনভর ধর্মীয় আয়োজনে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম

editor
প্রকাশিত November 14, 2026, 06:37 PM
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ভক্ত-দর্শনার্থীর ঢল; দিনভর ধর্মীয় আয়োজনে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম

Manual1 Ad Code

স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন ও ভক্ত-দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার নৃসিংহ আখড়া রোডে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নবনির্মিত এই মন্দিরের জুমের মাধ্যমে ০৬: ৩০ ঘটিকায় শুভ উদ্বোধন করেন ইসকন অন্যতম জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।

Manual5 Ad Code

বিকেলে হবিগঞ্জ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নবনির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দিরের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।


সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা অংশ নেন। আয়োজকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ঘটে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশাসন ও আয়োজকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ভক্তের উপস্থিতির কথা উল্লেখ করেন। বিপুলসংখ্যক মানুষের পদচারণায় পুরো মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।

৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটি আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যে সাজানো হয়েছে। এতে রয়েছে তিনটি নান্দনিক গম্বুজ। একসঙ্গে সহস্রাধিক ভক্তের উপাসনার ব্যবস্থা রয়েছে বলে জানান আয়োজকেরা। মন্দিরের নান্দনিক নির্মাণশৈলী, সুপরিকল্পিত অবকাঠামো ও ধর্মীয় পরিবেশ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

Manual4 Ad Code

উদ্বোধন উপলক্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪৯তম শুভ তিরোধান তিথি উপলক্ষে বিশেষ স্মরণামৃত ও আধ্যাত্মিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীল প্রভুপাদের দিব্য জীবনচরিত, অপ্রাকৃত মহিমা, আদর্শ ও গুণাবলি নিয়ে আলোচনা করা হয়। তাঁর প্রচারিত কৃষ্ণভাবনামৃত আন্দোলন, ভক্তিযোগ ও বিশ্বব্যাপী সনাতন ধর্মীয় চেতনা বিস্তারে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনে বৈদিক হোমযজ্ঞ, হরিনাম সংকীর্তন, কীর্তন মেলা, ধর্মীয় আলোচনা ও কৃষ্ণ মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী, শিশু, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোচনা সভা ও আন্তর্জাতিক অতিথির ভার্চ্যুয়াল সংযুক্তি
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি শ্রীপাদ শুদ্ধস্বত্ব গোবিন্দ দাস। অনুষ্ঠান টি পরিচালনা করেন ইসকন লাইফমেম্বার হবিগঞ্জ ইসকন মন্দিরের উপদেষ্টা অ্যাডভোকেট প্রমথ সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা ও হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারী বিভাগীয় সম্পাদক ইসকন সিলেট ও অধ্যক্ষ ইসকন হবিগঞ্জ, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ঠাকুরগাঁও ইসকনের অধ্যক্ষ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর (কমিউনিকেশন) ঋষিকেশ গৌরাঙ্গ দাস, ইসকন বাংলাদেশের (রিজলভ)- চেয়ারম্যান শ্রীপাদ যুগধর্ম দাস এবং হবিগঞ্জ ইসকনের উপদেষ্টা অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস।
আমেরিকা থেকে যুক্ত হয়ে ইসকনের আন্তর্জাতিক কার্যক্রম তুলে ধরেন শ্রীপাদ অনুত্তম দাস।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুদূর যুক্তরাষ্ট্র থেকে জুমের মাধ্যমে যুক্ত হওয়া ইসকনের আন্তর্জাতিক যোগাযোগ ও জনসংযোগ কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল শ্রীপাদ অনুত্তম দাসের (Anuttama Dasa) বিশেষ উপস্থাপনা।

তিনি ইসকন কমিউনিকেশনসের গ্লোবাল মিনিস্টার বা আন্তর্জাতিক যোগাযোগবিষয়ক পরিচালক এবং ইসকনের সর্বোচ্চ পরিচালনা পর্ষদ গভর্নিং বডি কমিশনের (জিবিসি) একজন জ্যেষ্ঠ সদস্য। ২০১৪-২০১৫ সালে তিনি জিবিসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রকভিল ও সিলভার স্প্রিং এলাকার সঙ্গে তাঁর বসবাস ও কার্যক্রমের সম্পর্ক রয়েছে। তিনি পোটোম্যাক ইসকন মন্দিরের সঙ্গেও যুক্ত। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও পশ্চিম ভার্জিনিয়াসহ বিভিন্ন অঞ্চলের জিবিসি দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক পরিসরে ইসকনের কার্যক্রম, নীতি, দর্শন ও মানবকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে ইসকনের সমন্বয় রক্ষা এবং নিউইয়র্কে জাতিসংঘে ইসকনের প্রতিনিধি হিসেবে কাজ করার দায়িত্বও তাঁর কার্যক্রমের অন্তর্ভুক্ত। বিশ্বব্যাপী ইসকনের যোগাযোগ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৈষ্ণব-খ্রিস্টান ও বৈষ্ণব-মুসলিম আন্তধর্মীয় সংলাপ আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আন্তর্জাতিক পর্যায়ে ইসকনের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে বিশ্বের ১৮০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে তথ্য উপস্থাপনের বিষয়টিও তাঁর কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরা হয়।

শ্রীপাদ অনুত্তম দাস ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ইসকনে যোগ দেন। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে ভারতের বৃন্দাবনে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তিনি ইসকন নিউজের প্রধান সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন।

ভার্চ্যুয়াল উপস্থাপনায় তিনি বিশ্বব্যাপী ইসকনের সাংগঠনিক কার্যক্রম, আন্তর্জাতিক যোগাযোগ, ধর্মীয় দর্শন, মানবকল্যাণমূলক উদ্যোগ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেন। তাঁর বক্তব্যে ইসকনের আন্তর্জাতিক পরিচিতি, দায়িত্বশীল যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পায়।

ইসকন সম্পর্কে অপপ্রচার না করে জানার ও গবেষণার আহ্বান হুইপের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হুইপ জি কে গউছ বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় তিনি নিজের নামের ফলক লাগান না। নামের ফলক যে চিরস্থায়ী নয়, তার প্রমাণ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ফলক লাগাতে হলে মানুষের হৃদয়ে লাগাতে হবে। মানুষের হৃদয়ে একবার ভালোবাসার ফলক স্থাপন করতে পারলে সেই ফলক কখনো ভাঙা যাবে না।
ইসকন সম্পর্কে দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অপপ্রচার হয় উল্লেখ করে তিনি বলেন, ইসকনের দায়িত্বশীল ব্যক্তিরা তাঁদের কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন, সেগুলো সবাইকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে। প্রয়োজনে গবেষণা করতে হবে। কোথাও কোনো ভুল থাকলে তা যাচাই-বাছাই করে গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।

হবিগঞ্জের এই আয়োজনের ব্যাপকতা তুলে ধরে তিনি বলেন, আজ এখানে এসে দেখে যান, বাঁধভাঙা স্রোত কাকে বলে। একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কাকডাকা ভোর থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সত্যিই অভাবনীয়। প্রশাসন ও আয়োজকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, সকাল থেকে প্রায় ৫০ হাজার ভক্ত এখানে এসেছেন। তাঁরা নিজেদের অর্থ ব্যয় করে, কর্মজীবন থেকে সময় বের করে, শ্রম ও ঘাম দিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। একটু পুণ্যের আশায়, ভালো কিছু শেখার আশায় এবং ভালো কিছু জানা ও দেখার প্রত্যাশায় তাঁদের এই অংশগ্রহণ।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, এক মহারাজের কাছে তিনি শুনেছিলেন, পৃথিবীর ৮০টি দেশে ইসকনের নিজস্ব ভূমিতে, নিজস্ব অর্থায়নে ধর্মবিশ্বাসীদের জন্য সুন্দর পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভালো মানুষদের সমাগম যেখানে ঘটে, সেখানে সৎসঙ্গের মাধ্যমে মানুষের জীবন সুন্দর হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজ এখানে উপস্থিত তরুণ-তরুণীরা যে কথাগুলো শুনে গেল, সেগুলো তাদের জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসকনের ধর্মীয় অনুশাসন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে জি কে গউছ বলেন, ইসকনের দীক্ষিত সদস্যদের বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। আমিষ আহার বর্জন করে নিরামিষ প্রসাদ গ্রহণ, সব ধরনের নেশাজাতীয় দ্রব্য পরিহার, জুয়া ও অবৈধ যৌনাচার থেকে বিরত থাকার মতো নিয়ম তাঁদের পালন করতে হয়। এমন জীবনাচরণ মানুষকে শৃঙ্খলিত ও নৈতিক জীবন গঠনে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, ইসকনে যাঁরা আসেন, তাঁদের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক থাকে না। এখানে কোনো দুষ্ট মানুষের স্থান নেই। ইসকন শুধু ধর্মীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়, আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছে। আমাদের মতো রাজনীতিবিদদের মতো তাঁরাও মানুষের জন্য একই কাজ করার চেষ্টা করেন। সমাজে এমন মানবিক উদ্যোগই থাকা উচিত।

মন্দিরটির সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে হুইপ বলেন, তিনি যখন হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখন এই মন্দিরটি ছিল অরক্ষিত। মন্দিরের সাধুরা বারান্দায় রাত কাটাতেন। তাঁদের স্বপ্ন ছিল, একদিন এখানে একটি বড় মন্দির হবে, মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। তাঁরা সফল হয়েছেন। একসময় ইসকনের পাশে দাঁড়াতে কেউ সাহস পেতেন না, তখন তিনি ইসকনের পাশে দাঁড়িয়েছিলেন।

ইসকনের উন্নয়ন কার্যক্রমে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের সেবা ও সহযোগিতা পাওয়ার অধিকার সবার রয়েছে। যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে, ততদিন তাঁর পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ইসকনের চারটি নিয়ন্ত্রক নীতি ও ভক্তিমূলক জীবনাচরণ
আলোচনা ও ধর্মীয় উপস্থাপনায় ইসকনের দীক্ষিত সদস্যদের জীবনাচরণের চারটি প্রধান নিয়ন্ত্রক নীতি (Four Regulative Principles) সম্পর্কে তুলে ধরা হয়। এগুলো হলো—আমিষ আহার বর্জন, নেশাজাতীয় দ্রব্য পরিহার, জুয়া বা দ্যূতক্রীড়া বর্জন এবং অবৈধ যৌনসঙ্গ পরিহার।

ইসকনের ভক্তিমূলক খাদ্যাচার অনুযায়ী মাছ, মাংস, ডিম, পেঁয়াজ ও রসুন পরিহার করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা সাত্ত্বিক নিরামিষ আহার বা মহাপ্রসাদ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নেশাজাতীয় দ্রব্যের মধ্যে মদ, গাঁজা, সিগারেট, তামাক, জর্দা এবং চা-কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় পরিহারের অনুশাসন রয়েছে। একইভাবে লটারি, বাজি, জুয়া ও দ্যূতক্রীড়াসহ সব ধরনের জুয়ামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয়। অবৈধ যৌনসঙ্গ পরিহার করাও দীক্ষিত সদস্যদের অন্যতম প্রধান নীতি।

এ ছাড়া দীক্ষিত ভক্তদের প্রতিদিন নির্ধারিত নিয়মে ১৬ মালা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার বিধান রয়েছে, যা মোট ১ হাজার ৭২৮ বার মহামন্ত্র জপের সমান। ভক্তিযোগ, সাধুসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন ও কৃষ্ণস্মরণের মাধ্যমে আত্মিক উন্নতি সাধনই এই জীবনাচরণের অন্যতম লক্ষ্য।

মানবকল্যাণ ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে মন্দির গড়ে তোলার প্রত্যাশা আয়োজকেরা জানান, নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা, সাধু-সন্ন্যাসীদের প্রচেষ্টা ও ভক্তদের সম্মিলিত অবদান। এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, উপাসনা, হরিনাম সংকীর্তন, শাস্ত্র আলোচনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তাঁদের প্রত্যাশা, মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্র হিসেবেই নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক চেতনা ও সামাজিক সম্প্রীতি বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ধর্মীয় অনুশীলনের পাশাপাশি আর্তমানবতার সেবা ও মানুষের কল্যাণে মন্দিরটি ইতিবাচক ভূমিকা রাখবে।
দিনভর ধর্মীয় আয়োজন, দেশ-বিদেশের আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সংযুক্তি, সাধু-সন্ন্যাসীদের আলোচনা এবং হাজারো ভক্তের অংশগ্রহণে হবিগঞ্জের এই মন্দির উদ্বোধন অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।