শ্রমিক অসন্তোষ; কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত
শ্রমিক অসন্তোষ; কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত
editor
প্রকাশিত November 14, 2026, 07:38 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে রোববার (১৫ নভেম্বর) থেকে আশুলিয়া ও সাভারসহ সংশ্লিষ্ট অঞ্চলের উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
Manual3 Ad Code
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়কে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।
Manual7 Ad Code
বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে তার অভিযোগ, কারখানার ভেতরে কিছুসংখ্যক শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরা কাজ করছেন না, পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।
তিনি আরও বলেন, কিছু কারখানায় এমন ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে কর্মীরা কাজ বন্ধ করে পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। কারখানা থেকে বের হওয়ার পর একদল শ্রমিক অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইটপাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন। পাশাপাশি সেসব কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে আনার চেষ্টা করছেন। এতে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
মাহমুদ হাসান খান জানান, চলমান পরিস্থিতির কারণে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এসব কারখানা বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে একদিকে দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
তিনি বলেন, চলমান বিশৃঙ্খলার কারণে সম্পূর্ণ নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করার দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি স্পষ্টভাবে জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তার কিংবা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
তবে সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তার ভাষ্য, মাঠপর্যায়ের অনেক শ্রমিক নেতা ও প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। ফলে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।
ব্রিফিংয়ে মাহমুদ হাসান খান বলেন, আজ বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া সদস্যরা মত দিয়েছেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে নিম্নতম মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানার মালিকরা কঠিন হলেও অনিবার্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে চলমান শ্রম অসন্তোষের মধ্যে উৎপাদন চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো আগামীকাল (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করা এবং এর সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।
Manual6 Ad Code
পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে চলমান সংকট নিরসনে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
Manual8 Ad Code
সংবাদ ব্রিফিংয়ে সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা, শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং দেশের রপ্তানি আয় অব্যাহত রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।