আজ , ,

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

editor
প্রকাশিত November 18, 2026, 02:13 AM
হবিগঞ্জ সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

Manual8 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছে রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক একটি দালালচক্রের বিরুদ্ধে রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া এবং বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানে ভ্রাম্যমাণ আদালতও অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে কয়েকজন এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে। এসআরবি-৯-এর সদস্যরা পাঁচজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাফায়েতুল ইসলাম মন্ডল বলেন, দীর্ঘদিন ধরেই হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলের চেষ্টা চলছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে হাসপাতালে একটি দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে প্রশাসনের প্রতিনিধিরাও রয়েছেন। কমিটি দালালচক্রের তৎপরতা বন্ধে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়েছে।
হাসপাতালকে দালালমুক্ত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যদিকে, এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে লক্ষ্য করে দালালচক্র নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয়। রোগীদের এ ধরনের হয়রানি থেকে সুরক্ষা দিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ রোগীদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, নিয়মিত নজরদারি ও দালালবিরোধী অভিযান অব্যাহত থাকলে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে আনা সম্ভব হবে।