আজ , ,

আখাউড়ায় ছিনতাই হওয়া আইফোন উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেপ্তার-৫

editor
প্রকাশিত November 21, 2026, 11:30 PM
আখাউড়ায় ছিনতাই হওয়া আইফোন উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেপ্তার-৫

Manual5 Ad Code
স্বপন কুমার সিং , নিজস্ব প্রতিবেদক  :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পুলিশের পৃথক দুটি ছিনতাই মামলার তদন্তের সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় ছিনতাই হওয়া একটি আইফোন ১২ প্রো উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনটি এর মালিক নয়নের কাছে আজ ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে ছিনতাই হওয়া নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত আখাউড়া রেলওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, রেলস্টেশনে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু বক্কর (২৫), পিতা ফারুক মিয়া, বাগানবাড়ি; রায়হান (২৭), পিতা মৃত রমজান, শান্তিনগর; মেহেদী হাসান প্রান্ত (২৫), পিতা রিপন মিয়া, ভবানীপুর; সাজিদ (২১), পিতা গোলাপ, শান্তিনগর এবং রাকিবুল ইসলাম (১৯), পিতা রফিকুল ইসলাম, শান্তিনগর। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একটি মামলা হয়। এর পরদিন ২০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একই স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম (২৯) আখাউড়া রেলওয়ে থানায় পৃথক এজাহার দায়ের করেন।
দ্বিতীয় এজাহারের বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী স্টেশন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেলওয়ে পুলিশ একজনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়।
এদিকে, পৃথক মামলার তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে, ঢাকাগামী একটি ট্রেনে সাবেক একজন সচিবের আত্মীয় নয়ন নামের এক ব্যক্তির আইফোন ১২ প্রো ছিনতাই হয়েছে। পরে অভিযানে ওই ফোনটি উদ্ধার করা হয়।
আজ শনিবার রাতে ফোনটি মালিক নয়নের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ফোনের মালিক এ ঘটনায় লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি।
ওসি মো. আব্দুল কুদ্দুস আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্টেশন এলাকায় ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।