চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশের ব্যবস্থা করা হতে পারে।”
Manual7 Ad Code
জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের ভিত্তিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হচ্ছে।
Manual6 Ad Code
৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় প্রথমে ৭ নভেম্বর ঠিক করা হলেও কারিগরি জটিলতায় তা একদিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন। ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের অনেকেই কাঙ্ক্ষিত ফল না পেয়ে নম্বর যাচাইয়ের জন্য আবেদন করেছেন।
পুনর্নিরীক্ষণে দেখা হয়, উত্তরপত্রের প্রতিটি প্রশ্নের নম্বর ঠিকভাবে যোগ করা হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর যোগ করতে বাদ পড়েছে কি না এবং নম্বর ফলাফলের শিটে সঠিকভাবে তোলা হয়েছে কি না। তবে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট বোর্ডের প্রকাশিত ফলে তা জানা যাবে।