ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ নভেম্বর নাগাদ দেশের প্রায় সব এলাকা থেকে বৃষ্টিবলয় পুরোপুরি বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
Manual7 Ad Code
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংস্থাটির পক্ষ থেকে এ পূর্বাভাস দেওয়া হয়।
Manual8 Ad Code
বিডব্লিউওটি জানায়, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলের ওপর অবস্থান করছে। সেখান থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানায়, সিস্টেমটি দুর্বল হয়ে লঘুচাপ বা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিবলয় আগামী ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশিষ্ট প্রভাব কাটিয়ে ২৪ নভেম্বর নাগাদ প্রায় সারা দেশ থেকেই বৃষ্টিবলয়টি বিদায় নিতে পারে।