নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের গাছবাড়ি বন বিভাগ এলাকায় পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে লাল রঙের কসটেপ মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে চারটি বস্তু উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।