আজ , ,

বাহুবলে রাধাগোবিন্দ মহোৎসবে হাজারো ভক্তের ঢল, হরিনাম সংকীর্তনে মুখরিত মন্দির প্রাঙ্গণ

editor
প্রকাশিত November 30, 2026, 01:30 AM
বাহুবলে রাধাগোবিন্দ মহোৎসবে হাজারো ভক্তের ঢল, হরিনাম সংকীর্তনে মুখরিত মন্দির প্রাঙ্গণ

Manual2 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক  :
ভক্তি, প্রেম, সাধনা আর হরিনামের অপূর্ব সুরে আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে উঠেছিল হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর। হাজারো ভক্ত-অনুরাগীর ঢল, নামসংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে ৩৬তম বর্ষের শ্রীশ্রী রাধাগোবিন্দ মহোৎসব ও মহাভজনামৃত অনুষ্ঠান। গত
রোববার (২৯ নভেম্বর) সকালে দধিভাণ্ড ভঞ্জন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চার দিনব্যাপী এ মহোৎসবের সমাপ্তি ঘটে।
বাহুবল উপজেলার মিরপুর বাজারসংলগ্ন ইজ্জতনগর (বানিয়াগাঁও), নবদ্বারধাম এলাকার শ্রীশ্রীভাগবতী দুর্গামন্দির প্রাঙ্গণে (বড়বাড়ি) ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে এ মহোৎসব শুরু হয়। চার দিনব্যাপী আয়োজনের প্রতিটি পর্বে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তদের নামসুধা পরিবেশনায় ছড়িয়ে পড়ে ভক্তি, প্রেম ও সম্প্রীতির বার্তা।
প্রথম দিন ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় মঙ্গলঘট স্থাপন ও সন্ধ্যারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং রাত ৯টায় শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। গীতাপাঠ করেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃষ্ণপুরের শ্রীমৎ নিশিত দেবনাথ। শুভ অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন রাধারাণী সম্প্রদায়, সিলেট।
পরবর্তী দুই দিন ২৭ ও ২৮ নভেম্বর শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয় ষোড়শপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দ মহোৎসব ও মহাযজ্ঞ। এতে নামসুধা পরিবেশন করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়টি ভক্ত সম্প্রদায়। সম্প্রদায়গুলো হলো—ফরিদপুরের শ্রীশ্রী বাসুদেব সম্প্রদায়, খুলনার শ্রীশ্রী ভক্ত শ্রীবাস সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীশ্রী কৃষ্ণপূজা সম্প্রদায়, খুলনার শ্রীশ্রী প্রিয়গোপাল সম্প্রদায়, বরিশালের শ্রীশ্রী দধিদর্গা সম্প্রদায় এবং সিলেটের শ্রীশ্রী কৃষ্ণমন্দির সম্প্রদায়। তাঁদের পরিবেশনায় মন্দির প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক ভাবগম্ভীর ও ভক্তিময় পরিবেশ।
২৮ নভেম্বর শনিবার দুপুর ২টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবের শেষ দিন ২৯ নভেম্বর রোববার ভোর ৬টা ৩০ মিনিটে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় দধিভাণ্ড ভঞ্জন ও সমাপনী ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহোৎসবের পরিসমাপ্তি ঘটে।
ভক্তি, মানবপ্রেম ও বিশ্বশান্তির প্রার্থনা
মহোৎসবের মূল আবেদন ছিল ভক্তির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রেম, দয়া, ক্ষমা, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করা। আয়োজকদের আধ্যাত্মিক বাণীতে উঠে এসেছে—পৃথিবীর প্রতিটি নগর, গ্রাম ও জনপদে হরিনামের মহিমা ছড়িয়ে পড়ুক; নামের গুণে বিশ্বব্রহ্মাণ্ড হোক আলোকিত। শ্রীশ্রী রাধাগোবিন্দের চরণে প্রার্থনা, পৃথিবীর সকল জীবের মঙ্গল হোক, সবাই সুখে ও শান্তিতে থাকুক।
মহোৎসবের সভাপতি শ্রী গণেশ কর এবং সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ চন্দ্র বণিক তাঁদের আমন্ত্রণবার্তায় ধর্মীয় মূল্যবোধ, ভক্তি ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। ভক্তি ও মানবপ্রেমের মধ্য দিয়েই সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ইজ্জতনগর ও মিরপুর এলাকার গৌরবভক্তবৃন্দ। মহোৎসবের পৌরোহিত্য করেন কানাই লাল জিউর আখড়া, চুনারুঘাটের অধ্যক্ষ শ্রী অনন্ত দাস গোস্বামী মহারাজ।

চার দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বাহুবলের মাটিতে ধর্মীয় ঐতিহ্য, ভক্তি, মানবপ্রেম ও সম্প্রীতির এক অনন্য আবহের সৃষ্টি হয়। হাজারো ভক্তের অংশগ্রহণে শেষ হওয়া এ মহোৎসব রেখে যায় আধ্যাত্মিকতা ও বিশ্বশান্তির এক মহতী বার্তা।