শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পর জানা যাবে এবারের পাশের হার কত। কিন্তু ১৯৯০ থেকে ২০২৫ সাল অর্থাৎ গত ৩৬ বছরের ফলাফল কেমন ছিল? পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে পাশের হারে নানা সময়ে উত্থান-পতন দেখা গেছে। কোনো বছর পাশের হার ২৫ শতাংশের নিচে নেমে এসেছে, আবার কোনো বছর তা ছাড়িয়েছে ৭৫ শতাংশ। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
Manual7 Ad Code
১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, সর্বনিম্ন পাশের হার ছিল ১৯৯৬ সালে, মাত্র ২৪ দশমিক ৭৭ শতাংশ। আর সর্বোচ্চ পাশের হার ছিল ২০২০ সালে, করোনাকালে ১০০ শতাংশ। তবে ওই বছরের ফল নিয়মিত পরীক্ষার ফলাফলের সঙ্গে তুলনা করা যায় না। কারণ, সে বছর পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে ফল মূল্যায়ন করা হয়েছিল। এতে সব পরীক্ষার্থীই পাশ করেন।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে গত বছর পাশের হারে বড় ধরনের ধস নামে। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ছিল ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২৫ সালে তা কমে ৫৭ দশমিক ১২ শতাংশে দাঁড়ায়। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাশের হার কমে যায় প্রায় ১৮ শতাংশীয় পয়েন্ট। ২০০৫ সালের পর গত বছরের পাশের হার ছিল সবচেয়ে কম।
২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। পরবর্তী বছরগুলোতে তা ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গত ৩৬ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ১৯৯০ সালে পাশের হার ছিল ২৯ দশমিক ৭০ শতাংশ। ১৯৯১ সালে পাশের হার প্রায় ৫১ শতাংশে এবং ১৯৯২ সালে ৬৫ শতাংশ ছাড়িয়ে যায়। তবে এ ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৩ সালে পাশের হার কমে ৪৬ শতাংশের কিছু বেশি হয়। ১৯৯৪ সালে তা ৪০ শতাংশ ছাড়ায় এবং ১৯৯৫ সালে আবার বেড়ে ৪৬ শতাংশের বেশি হয়।
এরপর ১৯৯৬ সালে পাশের হারে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। ওই বছর মাত্র ২৪ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাশে করেন, যা গত ৩৬ বছরের মধ্যে সর্বনিম্ন। পরবর্তী বছরগুলোতে পাশের হার কিছুটা বাড়লেও ধারাবাহিকতা ছিল না। ১৯৯৭ সালে এই হার ছিল ৩৯ শতাংশের বেশি। ২০০১ সালে তা কমে ২৮ শতাংশের বেশি এবং ২০০২ সালে প্রায় ২৭ শতাংশে দাঁড়ায়। ২০০৩ সালে পাশের হার বেড়ে ৩৮ শতাংশ ছাড়ায়। পরের বছর ২০০৪ সালে তা আরও বেড়ে প্রায় ৪৮ শতাংশ হয়।
Manual5 Ad Code
২০০৫ সাল থেকে পাশের হারে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। ওই বছর পাশের হার ৫৯ শতাংশ ছাড়িয়ে যায়। ২০০৬ সালে পাশের হার ছিল প্রায় ৬৪ শতাংশ, ২০০৭ সালে ৬৪ শতাংশের বেশি এবং ২০০৮ সালে তা বেড়ে প্রায় ৭৫ শতাংশে পৌঁছায়। তবে ২০০৯ সালে আবার কিছুটা কমে ৭০ শতাংশের সামান্য বেশি হয়। ২০১০ ও ২০১১ সালে পাশের হার ছিল প্রায় ৭২ শতাংশ। এরপর ২০১২ সালে তা বেড়ে ৭৬ শতাংশ ছাড়িয়ে যায়।
২০১৩ সালে পাশের হার ছিল ৭১ শতাংশের বেশি। ২০১৪ সালে তা বেড়ে প্রায় ৭৬ শতাংশে পৌঁছায়। ২০১৫ সালে এই হার কমে প্রায় ৬৬ শতাংশে নেমে আসে। ২০১৬ সালে আবার বেড়ে পাশের হার ৭২ শতাংশ ছাড়ায়। এরপর ২০১৭ সালে তা কমে প্রায় ৬৭ শতাংশ, ২০১৮ সালে প্রায় ৬৫ শতাংশ হয়। ২০১৯ সালে আবার বেড়ে ৭২ শতাংশের কাছাকাছি পৌঁছায়।
এদিকে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ওই বছর সব পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করায় পাশের হার দাঁড়ায় ১০০ শতাংশে। পরের বছর ২০২১ সালে পাশের হার ছিল ৯৫ দশমিক ৫৭ শতাংশ। ২০২২ সালে তা কমে ৮৪ দশমিক ৩১ শতাংশে নেমে আসে। ২০২৩ সালে পাশের হার ছিল প্রায় ৭৬ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫ শতাংশের বেশি। সর্বশেষ ২০২৫ সালে তা আরও কমে ৫৭ শতাংশে নেমে আসে।