আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে  দুর্ঘটনায় তাসনুভা তিশা, অল্পের জন্য রক্ষা

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে  দুর্ঘটনায় তাসনুভা তিশা, অল্পের জন্য রক্ষা

Manual8 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। দ্রুতগতির একটি পিকআপভ্যানের ধাক্কায় তাঁর বহনকারী প্রাইভেটকারের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও তিশাসহ গাড়িতে থাকা সবাই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তাসনুভা তিশা।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে একটি নাটকের শুটিং শেষে তিনি ও তাঁর টিম ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি দ্রুতগতির পিকআপভ্যান তাঁদের গাড়িকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিশাদের গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নিয়ে স্থানীয় একটি বাজার এলাকায় সেটিকে আটক করতে সক্ষম হন। তবে পিকআপের চালক গাড়িটি ফেলে চাবি সঙ্গে নিয়ে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাসনুভা তিশা বলেন, পিকআপটির ধাক্কা ছিল বেশ জোরালো। তবে সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা কেউ গুরুতর আহত হননি।
তিনি জানান, তাঁর সঙ্গে একজন ফটোগ্রাফার ও একজন সহকারীও ছিলেন। দুর্ঘটনার পর সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।
তিশা বলেন, খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। গাড়ির অবস্থা বেশ খারাপ।
শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে অভিনেত্রী আরও বলেন, দুর্ঘটনায় মানসিকভাবে কিছুটা ধাক্কা খেলেও শারীরিকভাবে তিনি ও তাঁর সঙ্গে থাকা সবাই ভালো আছেন।
তাসনুভা তিশা সম্প্রতি আগস্ট ফোর্টিন ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন। এরপরও বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে নাটকের শুটিং ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।