যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনা করতে চাইলে তাদের ‘শুধু একটা ফোন করলেই হবে।’ গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা ভেস্তে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প লিখেছেন, ‘যদি তারা কথা বলতে চায়, তাহলে তাদের শুধু একটা ফোন করলেই হবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনার ‘সব কার্ড’ এখন যুক্তরাষ্ট্রের হাতে। ইরানের নেতৃত্বের ভেতরে ‘অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তি’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেন ট্রাম্প। ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার-এর যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি শুরু করলেও ইরান যেহেতু তখন কিছু জানায়নি, সে প্রেক্ষিতে পাকিস্তানে ওই মুহূর্তে সফর করলে সেটি ‘সময়ের অপচয়’ হতো বলে উল্লেখ করেন ট্রাম্প।
Manual4 Ad Code
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্তের কারণেই ইসলামাবাদের আলোচনা এগোয়নি। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ শেষ করার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি, কিন্তু যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে কতটা আন্তরিক — সেটি এখনও দেখার বিষয়।’
ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর রাশিয়ায় পৌঁছে আরাগচি সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট কিছু শর্তে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনা জটিল হয়ে উঠেছে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে আরাগচি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালি প্রসঙ্গেও কথা বলেন ইরানের এই মন্ত্রী।
Manual4 Ad Code
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল ‘একটি বৈশ্বিক ইস্যু।’ এ বিষয়ে ওমানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি। আরাগচি আরও বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে আমাদের পারস্পরিক স্বার্থ রয়েছে এবং এ বিষয়ে সহযোগিতা জোরদারে আমরা সম্মত হয়েছি।’