আজ শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে বক্তব্যের সময় নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
জাতিসংঘে বক্তব্যের সময় নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বক্তব্য দেওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের চোখে ছিল কালো সানগ্লাস। নেপালে অবশ্য তার এই পরিচিত চেহারা অনেকেরই জানা।

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামে বেশি পরিচিত, জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই সানগ্লাস পরেন। জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময়ও কালো স্যুট ও নেপালের ঐতিহ্যবাহী টুপির সঙ্গে কালো সানগ্লাস পরেছিলেন তিনি।

Manual7 Ad Code

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানাতে নিউইয়র্কে গেছেন বালেন। সাধারণ পরিষদে তিনি গত মাসে নেপালে ভয়াবহ বন্যার প্রসঙ্গ তুলে বলেন, ‘জলবায়ু পরিবর্তন কোনো সীমানা চেনে না… এটি সমগ্র বিশ্বের জন্য এক সতর্কবার্তা।’

দ্য কাঠমান্ডু পোস্টের জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ক্যামেরার সামনে এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় বালেন সাধারণত সানগ্লাস পরেন। তবে মন্ত্রিসভার বৈঠক ও ব্যক্তিগত আলোচনার সময় তিনি তা খুলে রাখেন। এ বিষয়ে তার কার্যালয়ের কাছে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual3 Ad Code

সানগ্লাসের কারণে তার ব্যক্তিগত স্টাইল নিয়ে নেপালে বেশ আগ্রহ রয়েছে। দেশটির অনলাইন মার্কেটপ্লেস দারাজে ‘বালেন শাহ গ্লাস’ লিখে খুঁজলে তার ব্যবহৃত চশমার আদলে তৈরি বিভিন্ন ধরনের সানগ্লাসও দেখা যায়।

রাজনীতিতে আসার আগেও বালেন হিপ-হপ অঙ্গনে সক্রিয় ছিলেন। সে সময় থেকেই তার সানগ্লাস পরার অভ্যাস পরিচিতি পায়। ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর তার কালো স্যুট ও সানগ্লাস তার রাজনৈতিক পরিচয়েরও অংশ হয়ে ওঠে।

২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে কে. পি. শর্মা অলির সরকারের পতনের পর চলতি বছরের মার্চে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বালেন শাহের নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনে তিনি কে. পি. শর্মা অলিকে পরাজিত করে প্রধানমন্ত্রী হন।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী হওয়ার পরও সংসদ, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কুচকাওয়াজ এবং অফিসিয়াল প্রতিকৃতিতে তাকে সানগ্লাস পরা অবস্থায় দেখা গেছে। তবে সবসময় তিনি সানগ্লাস পরে থাকেন না।

গত জুলাইয়ে দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতার পর শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের সময় তিনি সানগ্লাস খুলেছিলেন। একইভাবে গত মাসে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময়ও তাকে সানগ্লাস ছাড়া দেখা যায়। এক জনসভায়ও সমর্থকদের উদ্দেশে সানগ্লাস খুলে কথা বলতে দেখা যায় তাকে।

তবে আগস্টে সংসদে সানগ্লাস পরা নিয়ে আপত্তি জানান প্রতিনিধি পরিষদের স্পিকার দোল প্রসাদ আরিয়াল। সংসদ অধিবেশনে গাঢ় রঙের সানগ্লাস পরা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি এ বিষয়ে আপত্তি জানান বলে দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়।

Manual4 Ad Code

এর কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, উজ্জ্বল আলো থেকে চোখ রক্ষার জন্য চিকিৎসকেরা বালেন শাহকে সানগ্লাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস