আজ , ,

নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

editor
প্রকাশিত November 20, 2026, 04:01 PM
নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেদছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ আয়োজন করবে দলটি। পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।

সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের এসব সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও চলবে।

তিনি জানান, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন। রমজানে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যেক নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

Manual8 Ad Code

বিএনপি সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে তিনি বলেন, বৈধ রাজনীতি, বক্তব্য তুলে ধরা এবং আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তবে এর মাধ্যম সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা নাগরিকের ওপর হামলা হতে পারে না। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদ প্রদর্শনের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কার আনতে হবে।

সরকারের প্রতি গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে শান্ত ও সচেতন থাকতে হবে। কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উসকানি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির কথাও জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে ঘরে বসে কয়েক ডজন সেবা পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

Manual2 Ad Code