আজ শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন 

editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন 

Manual6 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা – ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার  আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা,গবেষণার দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে; যা তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পেশা গ্রহণে উৎসাহিত করে। নিজেদের টেকনোলজি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত, সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল চিন্তাধারা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
মেলায় সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রজেক্টসমূহ প্রদর্শন করে।