বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা জানানো হয়। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সিলেট ইউনিটের কার্যকরী সদস্য ও পদস্থ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন ইউনিটের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তার সুযোগ্য নেতৃত্বে সিলেট ইউনিটের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটি সিলেটে যে ঐতিহ্য বহন করে আসছে, তার নতুন পথচলায় সেটি আরও সুসংহত এবং জনকল্যাণমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি আবুল কাহের চৌধুরী শামীম তার বক্তব্যে তাকে এই সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রেড ক্রিসেন্টের মূলনীতি অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানোর এবং বিশেষ করে দুর্যোগ ও জরুরি স্বাস্থ্যসেবায় সিলেট ইউনিটের সক্ষমতা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিপুল সংখ্যক আজীবন সদস্য, ভলান্টিয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।