যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ঘণ্টায় ‘সাতটি মিথ্যা দাবি’ করার অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ । একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ প্রণালি বন্ধ করে দেবে তেহরান।
শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক অনুষ্ঠানে ট্রাম্প বক্তব্য দেয়ার সময়ই গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।
গালিবাফ যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি মিথ্যা দাবি করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ‘মিথ্যাচার’ যুদ্ধ বা আলোচনায় কোনও সফলতা বয়ে আনবে না।
Manual1 Ad Code
ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণায় নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে। গণমাধ্যমে প্রচারণা যুদ্ধ এবং জনমত প্রভাবিত করা চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ। তবে ইরান এ ধরনের কৌশলে প্রভাবিত হবে না বলেও দাবি করেন তিনি।
এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আল জাজিরাকে জানান, ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালি সুরক্ষার লক্ষ্যে ট্রানজিট ফি আরোপের জন্য একটি খসড়া আইন প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে। যদিও ট্রাম্প বলেছেন, এ ধরনের কোনও ফি আরোপ করতে দেয়া হবে না।