ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ
ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ
editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের একাধিক শহর থেকে প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।
Manual7 Ad Code
আজ শনিবার (২৩ মে) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
Manual6 Ad Code
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গার্ডেন গ্রোভ শহরে অবস্থিত একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার বড় একটি স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে ওঠে এবং এর ভেতর থেকে বিপজ্জনক গ্যাস নির্গত হতে শুরু করে। ট্যাংকটিতে ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে, যা প্লাস্টিক ও বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।
গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেন, ‘এই ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে পারে, আমরা জানি না কখন এটি ঘটবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
ঝুঁকি বাড়তে থাকায় গার্ডেন গ্রোভের পাশাপাশি সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টার শহরের কিছু অংশের বাসিন্দাদেরও জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কর্তৃপক্ষ সতর্ক করেছে, ট্যাংকটি ফেটে গেলে রাসায়নিক পদার্থ মাটিতে ছড়িয়ে পড়তে পারে, অথবা বড় বিস্ফোরণ ঘটতে পারে।
পরিস্থিতি সামলাতে উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে বাধ তৈরি করছেন, যাতে রাসায়নিক পদার্থ ড্রেন বা খালের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে না পড়ে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই রাসায়নিক থেকে নির্গত গ্যাসে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি বমি ভাব ও মাথাব্যথা হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুটি ক্ষতিগ্রস্ত ট্যাংকের মধ্যে একটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আরেকটি এখনও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
Manual6 Ad Code
হঠাৎ বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অনেক বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ কেবল প্রয়োজনীয় কাগজপত্র ও সামান্য জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন। কারখানা থেকে মাত্র কয়েক ব্লক দূরে বসবাসকারী ড্যানি ফাম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে গভীর ঘুমের মধ্যে তাঁর রুমমেট দরজায় ধাক্কা দিয়ে অবিলম্বে বেরিয়ে যেতে বলেন। আগের রাতে একটি ভিয়েতনামী রেস্তোরাঁয় দেরি পর্যন্ত কাজ করায় তিনি আগে খবরটি দেখেননি। তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই মর্মান্তিক ছিল। আমি জানতাম না এটা এতটা গুরুতর হবে। আমি কখনো ভাবিনি যে এমন কিছু ঘটতে পারে।’ কয়েক মিনিট পরেই কেবল মানিব্যাগ ও পাসপোর্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে পাশের শহরের এক বন্ধুর রেস্তোরাঁয় আশ্রয় নেন তিনি।
উল্লেখ্য, গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৮ মাইল বা ৬১ কিলোমিটার দক্ষিণে এবং ডিজনিল্যান্ডের দুটি থিম পার্ক থেকে মাত্র এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত। যুক্তরাষ্ট্রের যেকোনো শহরের মধ্যে অন্যতম বৃহত্তম ভিয়েতনামী জনগোষ্ঠীর বাসস্থান হিসেবে পরিচিত এই শহরটি।