মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মঙ্গলবার (২৮ জুলাই) আরাগচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এসব ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বশেষ অবস্থা, আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
Manual5 Ad Code
বিবৃতিতে বলা হয়, আলোচনায় আরাগচি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং যৌথ কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আরাগচির এই আলোচনা এমন সময় অনুষ্ঠিত হলো, যখন রিয়াদ দাবি করেছে, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া কয়েকটি ড্রোন সৌদি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে ইরানের এই কূটনৈতিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।