বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম ভর্তি ভ্যান উল্টে চালক নিহত; রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর
বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম ভর্তি ভ্যান উল্টে চালক নিহত; রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর
editor
প্রকাশিত জুন ২১, ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
দোয়েল,বাঘা ( রাজশাহী ) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল দশার কারণে ভ্যান উল্টে এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আশ্বাব আলী(৫০)। তিনি বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার পিতার নাম ইনছার আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে একটি উঁচু ব্রিজ রয়েছে। ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
শনিবার দুপুরে আমোদপুর গ্ৰামের কুদ্দুস নামের একজনের আম বোঝাই ভ্যান গাড়ি ব্রিজে উঠার সময় পেছন থেকে ঠেলে দিতে যান আশ্বাব আলী। এসময় ভ্যানটি উল্টে গিয়ে আম ভর্তি কার্টুনসহ তার বুকের উপর পড়ে। স্থানীয়রা কার্টুন ও ভ্যান সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, এই সড়কটি বাঘা ও চারঘাটের কৃষকদের আম পরিবহনের প্রধান রুট। কিন্তু ব্রিজের দুই পাশের ভাঙা অংশের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কৃষক ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে আছেন।
দুর্ঘটনার পর এলাকাবাসী বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা ও ব্রিজের প্রবেশমুখ মেরামতের দাবি জানিয়েছেন।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় অপমৃত্যু মামলা দায়ের করে নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।