চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যার তাণ্ডব শেষ হলেও রেখে গেছে লণ্ডভণ্ড জনপদ। বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই ঘর-বাড়ি তলিয়ে গেছে, বিনষ্ট হয়েছে শেষ সম্বল। এই চরম সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় ও সুপরিচিত সামাজিক সংগঠন ‘লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন’। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এখন তারা বন্যার্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সরাসরি আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও সদস্য আর্থিক সহায়তার অর্থ নিয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের দুয়ারে দুয়ারে ছুটে যান এবং তাঁদের হাতে এই অনুদান তুলে দেন।
বন্যার্তদের পুনর্বাসনের এই আর্থিক সহযোগিতা প্রদানকালে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “বন্যার পানি নেমে যাওয়ার পর আসল দুর্ভোগ শুরু হয় পুনর্বাসন নিয়ে। এই উপলব্ধি থেকে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের দ্রুত পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক একটি বিশেষ ফান্ড বা তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ফান্ডের মাধ্যমে শুধুমাত্র বন্যায় গৃহহীন ও চরমভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।”
Manual8 Ad Code
উল্লেখ্য, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কেবল দূর্যোগকালীন সময়েই নয়, বরং দীর্ঘ ৫ বছর ধরে অত্র এলাকায় নানামুখী মানবিক ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষকে স্বাবলম্বী ও আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে নিয়মিতভাবে ঢেউটিন বিতরণ, কর্মসংস্থানের জন্য নারীদের সেলাই মেশিন প্রদান, গুরুতর অসুস্থ রোগীদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা এবং বেকার যুবকদের আয়ের উৎস হিসেবে ভ্যানগাড়ি বিতরণসহ নানা প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত রেখেছে সংগঠনটি।
Manual7 Ad Code
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের পাশাপাশি লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের মতো প্রবাসীদের এমন সমন্বিত ও দায়িত্বশীল উদ্যোগ বন্যাবিধ্বস্ত মানুষের পুনর্বাসন প্রক্রিয়াকে আরও বেগবান ও সহজ করে তুলবে।