স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় বাজেটের সুবিধা পৌঁছাবে তৃণমূলে – সালেহ শিবলী
স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় বাজেটের সুবিধা পৌঁছাবে তৃণমূলে – সালেহ শিবলী
editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্বপন কুমার সিং , নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় বাজেটের সুবিধা পৌঁছাবে তৃণমূলে – সালেহ শিবল ফরিদগঞ্জে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব
নতুন বাজেটে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী বলেছেন, বাজেটের সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
উপজেলা পর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারসংলগ্ন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সপরিবারে নিজ এলাকায় এসে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সালেহ শিবলী।
এ সময় স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
স্বাস্থ্য খাতের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১-এ উন্নীত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অর্থনীতির প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাধারণ মানুষের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাপ কমাতে নতুন বাজেটে ৬১টি পণ্যে অতিরিক্ত শুল্ক বা কর আরোপ করা হয়নি। একই সঙ্গে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগে উৎসাহ দিতে সরকারি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প ও নতুন ধারণার জন্য ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অফেরতযোগ্য সরকারি অনুদানের সুযোগ রাখা হয়েছে।
সফল উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যাট ও কর অব্যাহতির ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।
সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে সালেহ শিবলী বলেন, সাধারণ ও প্রান্তিক পরিবারগুলোর জীবনযাত্রায় সহায়তা দিতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবারগুলোর আর্থিক চাপ কমানো।
কৃষি ও অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, খাল খননের মাধ্যমে একদিকে কৃষি উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসনেও এর ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি গ্রামীণ যোগাযোগ, স্থানীয় অবকাঠামো এবং স্বাস্থ্যসেবার উন্নয়নেও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস ও জ্বালানি আহরণের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সমস্যার সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন প্রেস সচিব।
সামাজিক ও পারিবারিক বন্ধন শক্তিশালী করার আহ্বান জানিয়ে সালেহ শিবলী বলেন, সুন্দর সমাজ গঠনে পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও পারস্পরিক মূল্যবোধের চর্চা জরুরি। সন্তান ও পরিবারের সদস্যদের সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপিকে জনগণের শান্তিকামী রাজনৈতিক দল হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিক আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, আমজাদ হোসেন সিফন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।