আজ সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Manual4 Ad Code

রুপক দত্ত, শ্রীমঙ্গল থেকে,

Manual6 Ad Code

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শ্রীমঙ্গল উপজেলার রাধানগর–মোহাজিরাবাদ (পিচেরমুখ) সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু করে দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার (৪ অক্টোবর) দুপুরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সম্মুখে পিচেরমুখ এলাকায় আয়োজিত এই শান্তিপূর্ণ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্তের সভাপতিত্বে এবং আহসানুল্লাহ সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, নারী, শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual5 Ad Code

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কের নির্মাণকাজ শুরু হলেও অল্প কিছু অংশের কাজ সম্পন্ন করে তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। অথচ গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। রাস্তার কাজ শেষ না করেই পুরো সড়কে সোলিং ও প্লাস্টারের কাজ করায় জনগণের দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও পানি জমে থাকায় মুমূর্ষু রোগীকে নিয়ে শহরে আসা-যাওয়া ও হাসপাতালে যাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, পিচেরমুখ–মোহাজিরাবাদ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন ও কৃষিপ্রধান অঞ্চল। এখানে শতাধিক বাগান ও অসংখ্য রিসোর্ট রয়েছে। এসব বাগান থেকে লেবু, আনারস, কাঁঠাল, কলা ও চা পাতার মতো নানা কৃষিপণ্য এবং দেশি-বিদেশি পর্যটক নিয়মিত এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় নষ্ট হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। তাতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিতে রাধানগর–মোহাজিরাবাদ সড়কের নির্মাণকাজ অবিলম্বে পুনরায় শুরু করতে হবে,কাজটি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ও টেকসইভাবে সম্পন্ন করতে হবে,কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সড়কের গর্ত ও ঝুঁকিপূর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে হবে, নির্মাণকাজের মান ও অগ্রগতি যথাযথভাবে তদারকি করতে হবে ও কাজ পুনরায় শুরু ও সম্পন্ন করার বিষয়ে এলাকাবাসীকে নির্দিষ্ট সময়সূচি জানানো এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতে দাবীতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিটি জমা দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে উপস্থিত ছিলেন না; তবে এলাকাবাসীর পক্ষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিটি পৌঁছে দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসীর পক্ষে মো. জামাল খান, তাজুল ইসলাম, আয়নাল হাসান, নাজির মিয়া, নূরুল আলম সোহাগ, মো. আলাউদ্দিন, মো. মামুনুর রশীদ, মো. সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার ও নির্মাণকাজ পুনরায় শুরু করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Manual5 Ad Code