আজ , ,

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

editor
প্রকাশিত November 25, 2026, 01:55 AM
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের কারাগারগুলোতে ৪৫ হাজার বন্দি রাখার জায়গা আছে। অথচ সেখানে থাকতে হচ্ছে প্রায় এক লাখ ১৭ হাজার বন্দিকে। এতে প্রতি ১০০ জনের জন্য নির্ধারিত জায়গায় গড়ে অবস্থান করছেন ২৫৯ জন বন্দি। ধারণ ক্ষমতার আড়াই গুণের বেশি বন্দির চাপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে কারাগারের আবাসন, স্যানিটেশন, চিকিৎসা ও দৈনন্দিন ব্যবস্থাপনা। গাদাগাদি করে থাকতে গিয়ে কেউ হারাচ্ছেন স্বাভাবিক বিশ্রামের সুযোগ, কেউ পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।

বিশেষ করে অসুস্থ বন্দিদের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক মামলায় গ্রেফতার বৃদ্ধি ও বিচারাধীন বন্দিদের দীর্ঘদিন কারাগারে থাকার বাস্তবতা। ফলে দেশের ৬৮টি কারাগারে অতিরিক্ত বন্দির চাপ এখন কেবল প্রশাসনিক সংকট নয়, মানবাধিকার ও জনস্বাস্থ্যের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

কারা কর্তৃপক্ষের ২২ নভেম্বরের (রবিবার) তথ্য অনুযায়ী, দেশের ৬৮টি কারাগারে মোট বন্দি ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। কিন্তু সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত এসব কারাগারে বন্দি রয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৫৬ জন। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি রয়েছেন ৭১ হাজার ৭৭০ জন।

কারা অধিদফতরের তথ্য অনুযায়ী, মোট বন্দির মধ্যে নারী রয়েছেন চার হাজার ২০ জন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন দুই হাজার ৪৮৩ জন এবং ডিভিশনপ্রাপ্ত বন্দি ১৭০ জন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে যাওয়ায় কারাগারে বন্দির চাপ আরও বেড়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের একটি বড় অংশ কারাগারে থাকায় আগে থেকেই ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিতে ভারাক্রান্ত কারাগারগুলোর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে বন্দিদের আবাসন, খাবার, চিকিৎসা, নিরাপত্তা এবং সামগ্রিক ব্যবস্থাপনায়।

কারা অধিদফতর সূত্র বলছে, একটি কারাগারের ধারণক্ষমতা নির্ধারণ করা হয় নির্দিষ্টসংখ্যক বন্দির আবাসন, স্যানিটেশন, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা বিবেচনায় নিয়ে। কিন্তু সেখানে দ্বিগুণের বেশি বন্দি থাকলে প্রতিটি ক্ষেত্রেই বাড়তি চাপ তৈরি হয়। বিশেষ করে থাকার জায়গার সংকট, পর্যাপ্ত আলো বাতাসের অভাব এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে না পারার কারণে বন্দিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

অতিরিক্ত বন্দির চাপে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে চিকিৎসাসেবা নিয়ে। কারা সূত্র বলছে, কারাগারে ৪৫ হাজারের কিছু বেশি বন্দি রাখার সক্ষমতা থাকলেও সেখানে এক লাখের বেশি মানুষ অবস্থান করছেন। এতে স্বাভাবিকভাবেই প্রশাসনিক ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। সীমিত জনবল ও বিদ্যমান সুযোগ সুবিধা দিয়ে এত বিপুলসংখ্যক বন্দির চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, একই জায়গায় ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ বসবাস করলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে। পাশাপাশি হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বন্দিদের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাও কঠিন হয়ে যায়। পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব এসব রোগীর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষ করে রাতের বেলায় কোনও বন্দি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। হৃদরোগ, স্ট্রোক কিংবা তীব্র শ্বাসকষ্টের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত বন্দির চাপ, সীমিত চিকিৎসা সুবিধা এবং হাসপাতালে স্থানান্তরের প্রশাসনিক প্রক্রিয়ায় বিলম্ব হলে রোগীর জীবনঝুঁকি বাড়তে পারে। কারাগারে বন্দিমৃত্যুর ঘটনাগুলোর পেছনে চিকিৎসায় বিলম্ব কিংবা অবহেলার কোনও ভূমিকা রয়েছে কি না, তা যথাযথভাবে তদন্ত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবাধিকারকর্মীরা বলছেন, কারাগারে অতিরিক্ত বন্দির চাপকে শুধু জায়গার সংকট হিসেবে দেখার সুযোগ নেই। এটি সরাসরি বন্দিদের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও রাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। একজন মানুষ অপরাধের অভিযোগে আটক কিংবা দণ্ডিত হলেও তার প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপদ আবাসন ও মানবিক পরিবেশ পাওয়ার অধিকার অক্ষুণ্ণ থাকে।

মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির বলেন, ‘‘কারাগারে অতিরিক্ত বন্দির চাপের কারণে একজন বন্দির ন্যূনতম ব্যক্তিগত জায়গা, পর্যাপ্ত আলো বাতাস, স্বাস্থ্যসম্মত পরিবেশ, বিশ্রাম এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। গাদাগাদি করে বসবাসের ফলে সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে এবং বন্দিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘‘আমাদের মনে রাখতে হবে—কারাগারে আটক থাকা মানে একজন ব্যক্তির স্বাধীনতা সীমিত হওয়া, তার মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া নয়। বিশেষ করে বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে দীর্ঘদিন কারাগারে আটকে থাকা এবং বিচারপ্রক্রিয়ায় বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’’

Manual2 Ad Code

এই মানবাধিকারকর্মীর মতে, সংকট মোকাবিলায় শুধু নতুন কারাগার নির্মাণ কিংবা বিদ্যমান কারাগারের ধারণক্ষমতা বাড়ানোই যথেষ্ট নয়। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমানো, জামিনযোগ্য মামলায় জামিন নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় কারাবাস কমাতে বিকল্প ব্যবস্থা কার্যকর করার ওপরও গুরুত্ব দিতে হবে।

আবু আহমেদ ফয়জুল কবির আরও বলেন, ‘‘এ পরিস্থিতি থেকে উত্তরণে কারাগারের ধারণক্ষমতা ও সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি জামিনযোগ্য মামলায় জামিন নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়া দ্রুত করা এবং অপ্রয়োজনীয় কারাবাস কমাতে বিকল্প ব্যবস্থা জোরদার করা জরুরি। কারাগার যেন শাস্তির পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হয়ে উঠতে পারে, রাষ্ট্রকে সেই উদ্যোগ নিতে হবে।’’

Manual6 Ad Code

অতিরিক্ত বন্দির চাপ সামাল দেওয়ার বিষয়টি কারা প্রশাসনের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সীমিত অবকাঠামো, জনবল ও চিকিৎসা সুবিধা নিয়ে বিপুলসংখ্যক বন্দির দৈনন্দিন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হচ্ছে কর্তৃপক্ষকে। বন্দিদের নিরাপত্তা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সচল রাখার পাশাপাশি কারাগারের শৃঙ্খলা বজায় রাখতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

এ বিষয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর বলেন, ‘‘এটা বাস্তবতা। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা এই বিষয়টাকে সাময়িকভাবে ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের যে সাপোর্ট আছে, সেগুলো দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি।’’

কারাগারে বন্দিমৃত্যু এবং এ ধরনের ঘটনায় কর্তৃপক্ষের জবাবদিহি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোনও বন্দি মারা গেলে, তিনি কেন মারা গেলেন এবং কোনও অবহেলাজনিত কারণ যদি থাকে বা কেউ দায়ী থাকলে, তা আমরা তাৎক্ষণিকভাবে দেখি। কেউ দায়ী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।’’

সংশ্লিষ্টদের মতে, কারাগারে বন্দির সংখ্যা বাড়ার বিপরীতে অবকাঠামো, চিকিৎসা সক্ষমতা ও প্রয়োজনীয় জনবল একই অনুপাতে বৃদ্ধি না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ অবস্থায় বন্দির সংখ্যা কমাতে বিচারিক ও প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কারাগারের চিকিৎসা ও আবাসন ব্যবস্থার উন্নয়ন জরুরি। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual7 Ad Code