আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন

editor
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন

Manual6 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
Manual1 Ad Code

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসান।

Manual1 Ad Code

তিনি আরো জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ৮৫টি পূজামণ্ডপ। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ২৪টি পূজামণ্ডপ। এসব মণ্ডপসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

Manual5 Ad Code

বিজিবি অধিনায়ক বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হচ্ছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।

তিনি আরও বলেন, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) প্রস্তুত করা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দায়িত্ব পালন ও প্রয়োজনীয় সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং অস্ত্র-গোলাবারুদ পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধেও বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।