আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির তৎপরতা, জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ণ
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির তৎপরতা, জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি

Manual2 Ad Code
স্বপন কুমার সিং , নিজস্ব প্রতিবেদক  :
 আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে মৌলভীবাজার জেলাজুড়ে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে এসআরবি শ্রীমঙ্গল ক্যাম্প। পূজামণ্ডপ, গ্রাম, পাড়া-মহল্লা, শহরাঞ্চল ও প্রত্যন্ত চা-বাগানসহ বিভিন্ন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বাহিনীটি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর, ভানুগাছ, মৌলভীবাজার সদর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এসআরবির সদস্যরা। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, প্রতিমা দর্শনে আসা পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।
এরই অংশ হিসেবে শুক্রবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের দুর্গাপূজামণ্ডপ এলাকা পরিদর্শন করে এসআরবির একটি দল। ক্যাম্প কমান্ডার এএসপি আরিফুর রহমান ও পার্টি ইনচার্জ ডিএডি হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে দলটি পূজামণ্ডপ পরিদর্শন করে এবং স্থানীয় পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে।
এসআরবি সূত্রে জানা গেছে, শুধু চা-বাগান বা নির্দিষ্ট কোনো এলাকা নয়, মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের জনপদে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখেও কাজ করছে দলটি।
রেডটাইমস  নিউজ   কে এসআই দেবব্রত জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি শ্রীমঙ্গল ক্যাম্পের আওতাধীন মৌলভীবাজার জেলায় এক হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের পাশাপাশি এসআরবি নিয়মিত টহল দিচ্ছে। নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
এসআই দেবব্রত আরও বলেন, এখন পর্যন্ত তাঁদের পর্যবেক্ষণে কোথাও পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে হয়নি। মন্দির ও পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।এছাড়াও কুরমা, চাম্পারায়, ধলাই, বাঘাছড়া,নূরজাহান চা বাগান এবং শ্রীমঙ্গলের ভাড়াউড়া,ভুরভুরিয়া, রামনগর, ঠিকরিয়া, ফুলছড়া, কালীঘাট, ডিনস্টোন, সিন্দুরখান ও রাজঘাট চা বাগানে শারদীয় দূর্গাপূজার আয়োজন চলছে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে।
শহর থেকে গ্রামীণ জনপদ, পাড়া-মহল্লা থেকে চা-বাগানসব এলাকার পূজামণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছে এসআরবি। সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা ও চলমান গোয়েন্দা নজরদারির মাধ্যমে পূজারি এবং দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।