আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নজরদারি, মাধবপুর চা-বাগান পরিদর্শনে এসআরবি

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০১:২২ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নজরদারি, মাধবপুর চা-বাগান পরিদর্শনে এসআরবি

Manual6 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক
কমলগঞ্জ (মৌলভীবাজার), ১৬ অক্টোবর ২০২৬ সবুজ চা-বাগানের মনোরম পরিবেশে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানে। পূজামণ্ডপ সাজানো থেকে শুরু করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি—সব মিলিয়ে উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।
এরই মধ্যে পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আজ ১৬ অক্টোবর  শুক্রবার সকালে  মাধবপুর চা-বাগানের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছে এসআরবির একটি দল।
এসআরবির শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি আরিফুর রহমান ও পার্টি ইনচার্জ ডিএডি হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে দলের সদস্যরা পূজামণ্ডপ এলাকা ঘুরে দেখেন। এ সময় মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়েও খোঁজখবর নেন।
এসআরবির এসআই দেবব্রত জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবির শ্রীমঙ্গল ক্যাম্পের আওতাধীন মৌলভীবাজার জেলার এক হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
পূজামণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের পাশাপাশি এসআরবি নিয়মিত টহল দিচ্ছে। নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাঁদের পর্যবেক্ষণে কোথাও পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে হয়নি। মন্দির ও পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
শহর থেকে গ্রামীণ জনপদ, পাড়া-মহল্লা থেকে চা-বাগান—জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসআরবি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে মাধবপুর চা-বাগান ছাড়াও পাত্রখলা, মদনমোহনপুর, শ্রী গোবিন্দপুর ও কুরমাচা চা-বাগানসহ আশপাশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি উমা শংকর যাদব, সাংগঠনিক সম্পাদক স্বপন পাল, স্থানীয় প্রতিনিধি রাম সিং, কোষাধ্যক্ষ শ্রীকান্ত ভর ও সাধারণ সম্পাদক প্রদুম নুনিয়া দুর্গোৎসবে অংশ নিতে ভক্ত ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকেরা জানান, দেবী দুর্গার পূজা, পুষ্পাঞ্জলি, সন্ধ্যারতি ও চণ্ডীপাঠ দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ। সনাতন ধর্মীয় ঐতিহ্য অনুসারে মন্ত্রোচ্চারণ, দেবীর বন্দনা ও ধর্মীয় পাঠের মধ্য দিয়ে ভক্তরা আরাধনায় অংশ নেবেন। আয়োজনের সূচি অনুযায়ী রামায়ণ পাঠ, গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও থাকবে। এসব আয়োজন উৎসবের ধর্মীয় ভাবগাম্ভীর্য বাড়াবে বলে তাঁরা আশা করছেন।
পূজা কমিটির সদস্যরা বলেন, দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও মিলনের উৎসব। মাধবপুর চা-বাগানের পূজামণ্ডপে এসে দেবীদর্শন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন।
চা-বাগানের সবুজ প্রকৃতি ও ধর্মীয় উৎসবের আবহে মাধবপুরের দুর্গোৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট বাহিনীগুলোর নিরাপত্তা তৎপরতা ও সবার সহযোগিতায় ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারবেন।