অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
editor
প্রকাশিত November 15, 2026, 09:45 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের আট দিনের মাথায় ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হলো।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে। পাশাপাশি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো।
Manual6 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন।
একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া একটি বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
অনুষ্ঠান চলাকালীন তার দেওয়া বক্তব্যের একটি ৪৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ পরবর্তীতে ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামক একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিও ক্লিপটিতে জেলা প্রশাসক লুৎফুন নাহারকে অত্যন্ত গুরুগম্ভীর ভঙ্গিতে বলতে শোনা যায়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে কয়েকটা মাস আমাদের দেশটা অভিভাবকহীন বিশৃঙ্খল অবস্থায় চলছিল। তারই মধ্যে ৭৫ এর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। এই তিন তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের কোনও অভিভাবক ছিল না। দেশ ছিল পুরো বিশৃঙ্খল। বাংলাদেশের দেশ প্রেমিক মানুষরা ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।’
Manual4 Ad Code
জেলা প্রশাসকের মুখ থেকে এই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনার সময় ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার প্রসঙ্গ এবং তৎকালীন সময়কে কেন্দ্র করে প্রদত্ত মূল্যায়ন রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেয়।
জেলা প্রশাসকের এই বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই চুয়াডাঙ্গার রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ করে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের দাবি, বিপ্লব ও সংহতি দিবসের মতো একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিনে জেলা প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এমন একপাক্ষিক ও বিতর্কিত বক্তব্য অনভিপ্রেত।
বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর ওই ঘটনাগুলো নিয়ে আলোচনা চলার মধ্যেই আট দিনের মাথায় জেলা প্রশাসককে প্রত্যাহারের আদেশ আসে। তবে তার প্রত্যাহারের সঙ্গে ৭ নভেম্বরের অনুষ্ঠান ও বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনও আনুষ্ঠানিক যোগসূত্র প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
Manual4 Ad Code
এদিকে একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তথ্য সুএঃ বাংলা ট্রিউবিউন