চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহতা যেন থামছেই না। এবার দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে মাথায় আহত হয়েছেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ সদস্য এডভোকেট অভিজিৎ দেব। রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। আর কত মানুষের রক্ত ঝরলে টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?
Manual5 Ad Code
শনিবার (২১ নভেম্বর) ঢাকা থেকে এডভোকেট ক্রিকেট প্রিমিয়ার লীগে অংশগ্রহণ শেষে বিকেল ৩টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজারে ফিরছিলেন অভিজিৎ দেবসহ কয়েকজন আইনজীবী। পথে ঘোড়াশাল এলাকায় চলন্ত ট্রেনের বাইরে থেকে হঠাৎ ছোড়া একটি পাথর তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন।
পরে সহযাত্রীরা দ্রুত তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি ভালো আছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সহযাত্রীরা জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা কোনো বিচ্ছিন্ন দুষ্টুমি নয়; এটি যাত্রীদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দেওয়া একটি অপরাধমূলক কর্মকাণ্ড। এর আগেও পাথর নিক্ষেপের ঘটনায় প্রাণহানি ও একজন আইনজীবীর চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাঁরা উল্লেখ করেন।
প্রশ্ন হচ্ছে, আর কত প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটলে এই অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে?
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীরা শুধু একজন যাত্রীকে আঘাত করে না, তারা শত শত যাত্রীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই নিছক দুষ্টুমি হিসেবে দেখার সুযোগ নেই। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
Manual6 Ad Code
এদিকে আহত এডভোকেট অভিজিৎ দেবের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।