আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রেলের চোরাই মালামালসহ ওয়েম্যান গ্রেপ্তার

editor
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
আখাউড়ায় রেলের চোরাই মালামালসহ ওয়েম্যান গ্রেপ্তার

Manual6 Ad Code
স্বপন কুমার সিং,  নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের পুরোনো মালামাল নিয়ে যাওয়ার সময় হুমায়ূন কবির (৩৩) নামে এক ওয়েম্যানকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম রেলওয়ের বিভিন্ন পুরোনো মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হুমায়ূন কবির বাংলাদেশ রেলওয়ের শায়েস্তাগঞ্জের ৩ নম্বর গ্যাংয়ে ওয়েম্যান হিসেবে কর্মরত। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ক্ষীরাহাটি এলাকায়। মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরএনবি সূত্র জানায়, ১৩ আগস্ট রাত ৭টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে অভিযান চালানো হয়। সেখানে রেলওয়ের মালামালসহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে আরএনবির সদস্যরা ঘটনাস্থলে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে তাঁকে অনুসরণ করে অংকুর কিন্ডারগার্টেনের সামনে পাকা সড়ক থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৫টি ইআরসি, একটি হুক বল্টু ও চারটি ‘ইনছান’ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম। এজাহারে এসব মালামালের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
আরএনবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ূন কবির ওয়েম্যান হিসেবে কর্মরত থাকার কথা স্বীকার করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, হরষপুর রেলস্টেশন এলাকায় রেললাইনে নতুন মালামাল স্থাপনের পর পুরোনো মালামাল সরিয়ে চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা তিনি স্বীকার করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া আরএনবি আখাউড়া চৌকির হাবিলদার মো. রেজাউল করিম রেডটাইমস নিউজকে বলেন, আসামির কাছে রেলের গুরুত্বপূর্ণ সম্পদসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। আমি ও আমার টিম অভিযান পরিচালনা করেছি। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস রেডটাইমস নিউজকে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। মামলাটির নম্বর ০২, তারিখ ১৪ আগস্ট ২০২৬। মামলার আসামিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়ার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. ফিরোজ গুলজার রেডটাইমস নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হুমায়ূন কবির বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত। তিনি আগে আখাউড়ার অধীনে ছিলেন। বর্তমানে তাঁর পোস্টিং শায়েস্তাগঞ্জে। ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় আরএনবির হাবিলদার মো. রেজাউল করিম বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করেছেন। রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬-এর ৪ ধারায় মামলাটি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর হুমায়ূন কবির সাধারণ জখম হন। পরে তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, রেললাইনে ব্যবহৃত পুরোনো মালামালও বাংলাদেশ রেলওয়ের সম্পদ। অনুমতি ছাড়া এসব মালামাল সরিয়ে নেওয়া, দখলে রাখা বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।