আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘোষণায় চাকরি হারিয়ে বেকার আড়াই হাজার শ্রমিক

editor
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
এক ঘোষণায় চাকরি হারিয়ে বেকার আড়াই হাজার শ্রমিক

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

  • গাজীপুরে তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান লিথী গ্রুপের পাঁচটি ইউনিট একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। একযোগে বন্ধ ঘোষণা করায় চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা।

বুধবার (১ জুলাই) সকালে এ ঘোষণা দেওয়ার পর থেকে বন্ধ কার্যকর করা হয়েছে। রাত পৌনে ৮টার দিকে কারখানার পরিচালক মনিরুজ্জামান বিষিয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

এর আগে সকালে কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানাটি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত। লিথী গ্রুপের বন্ধ হওয়া পাঁচটি ইউনিট হলো- অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড এবং ফমকম নিটিং লিমিটেড।

কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, গ্যাস কানেকশন বন্ধ থাকা, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যতে ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা, বিগত বছরগুলোতে বার বার অযৌক্তিক শ্রমিক আন্দোলন, পণ্যের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া, সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়ায় নিয়মিত কারখানা লোকসান দিয়ে আসছে। বর্তমানে মালিকের পক্ষে কারখানা পরিচালনা করার মতো আর্থিক সামর্থ্য না থাকায় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এজন্য বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে ভবিষ্যতে কারখানা চালু এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে পূর্বের পুরোনো দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত মোতাবেক বেতন ও পাওনাদি পরিশোধ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানার পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘এখন পরিবেশটাই এমন যে ব্যাংক থেকে সময়মতো অর্থাৎ যথাসময়ে ঋণ সাপোর্ট পাওয়া যাচ্ছে না। অর্থ সংকটে কারখানা বন্ধ করে দিতে হলো। তবে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলেচনা করে সবার মতামত এবং সমঝোতার ভিত্তিতে তাদের পাওনা পরিশোধ করা দেওয়া হবে।’

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বলেন, ‘লিথী গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আড়াই হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেলো। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পোশাকশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের সংকট কাটাতে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।’

Manual1 Ad Code

হঠাৎ বন্ধ ঘোষণার প্রতিবাদে সকাল ১০টার দিকে লিথী গ্রুপের ফমকম ফ্যাশন কারখানার শ্রমিকরা কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার পাশে মানববন্ধন করেন তারা।

শ্রমিকরা জানান, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে। এর আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন নির্ধারণ করেছিল। কারখানা কর্তৃপক্ষ ঘোষিত নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। এ ঘটনায় মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং তাদের সব পাওনাদি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

Manual6 Ad Code

দুজন শ্রমিক জানিয়েছেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। বকেয়া বেতন না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বাড়বে। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ বলেন, ‘ওই কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান করা হবে।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual5 Ad Code