ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি বাতিলে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রায় ৩৫০ জন সাবেক মন্ত্রী, রাষ্ট্রদূত ও কূটনীতিকের একটি গ্রুপ।
আজ বুধবার (১৫ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেছেন যে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরে যাওয়ায় ইসরাইলি সরকার তার ‘অবৈধ দখলদারিত্ব নীতি’ এবং মানবাধিকার লঙ্ঘনকে এক অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে।
তারা সতর্ক করে বলেছেন, নামমাত্র যুদ্ধবিরতির মধ্যে গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। পূর্ব জেরুজালেমকে মা’আলে আদুমিমের সাথে সংযোগকারী এলাকা ই-১ করিডোরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। যা কার্যকরভাবে পশ্চিম তীরকে বিভক্ত করবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে।
গত ৩০ মার্চ ইসরাইলি সংসদ নেসেট কর্তৃক পাস হওয়া একটি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, এই আইনে ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড প্রবর্তন করা হয়েছে, অথচ ইহুদি ইসরাইলিদের অব্যাহতি দেয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী, ‘এই জঘন্য আইনটি কোনো আইনি বাধা ছাড়াই পরিচালিত একটি বর্ণবাদী রাষ্ট্রের কথা মনে করিয়ে দেয়।’
Manual1 Ad Code
ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি বাতিল প্রশ্নে স্বাক্ষরকারীরা বলেছেন, ইসরাইল ইইউ-ইসরাইল চুক্তির ২ নং অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেখানে সহযোগিতার শর্ত হিসেবে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান ইসরাইলি সরকার ফিলিস্তিনিদের কল্যাণের ক্ষেত্রে ইইউ-এর এই মূল নীতিগুলো লঙ্ঘন করছে, যাদের জন্য দখলদার শক্তি হিসেবে এটি আইনগত ও নৈতিকভাবে দায়বদ্ধ।’
Manual2 Ad Code
এ অবস্থায় তারা ইইউ-কে চুক্তিটি সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত করতে, বসতিগুলোর সাথে বাণিজ্য বন্ধ করতে, সামরিক সহযোগিতা স্থগিত করতে এবং দমন-পীড়নে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা প্রসারিত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে ইইউ-কে নানা অসংগতির জন্যও অভিযুক্ত করা হয়েছে এবং ইসরাইলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে রাশিয়ার প্রতি তাদের প্রতিক্রিয়ার সাথে তুলনা করে বলা হয়েছে যে, এই বৈষম্য ‘দ্বৈত নীতি’-র ধারণা তৈরি করেছে।
ফিলিস্তিনে গত প্রায় ৮০ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এরপর ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর গাজায় বড় ধরনের অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে। সেই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও চলছে নিপীড়ন।
Manual4 Ad Code
এর মধ্যে ইসরাইলের সঙ্গে করা একটি প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দেন। স্থানীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ইসরাইলের সঙ্গে করা ওই প্রতিরক্ষা চুক্তিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণার বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।