পররাষ্ট্রমন্ত্রী রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন
পররাষ্ট্রমন্ত্রী রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন
editor
প্রকাশিত জুন ৫, ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
তিন দিনের সফরে আগামী রোববার (৭ জুন) মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।
বুধবার (৩ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তিন দিনের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
Manual5 Ad Code
মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এছাড়া রুশ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। সোমবার অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।
Manual2 Ad Code
ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
সূত্রগুলো জানিয়েছে, টেকসই উন্নয়ন, জাতিসংঘ সংস্কার এবং বহুপক্ষীয় কূটনীতিতে সহযোগিতার বিষয়ও আলোচনায় আসবে। সম্প্রতি খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এসব বিষয়ে তার ভূমিকা নিয়ে রাশিয়ার আগ্রহ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে জয়লাভের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাকে একজন দক্ষ, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনীতিক হিসেবে উল্লেখ করে। একইসঙ্গে বৈশ্বিক দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় দেশগুলোর স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বৃদ্ধি এবং জাতিসংঘের কার্যকারিতা জোরদারে তার ঘোষিত অগ্রাধিকারকে স্বাগত জানায়।
প্রসঙ্গত, সাত বছর পর বাংলাদেশের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম মস্কো সফর। সর্বশেষ ২০১৯ সালে দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পরে ২০২৩ সালে ঢাকা সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সফরটি বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের নতুন নেতৃত্বের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।