আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

“দেখে নিন নতুন পে-স্কেলে কে কোন গ্রেডে কত বেতন পাবেন”

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
“দেখে নিন নতুন পে-স্কেলে কে কোন গ্রেডে কত বেতন পাবেন”

Manual6 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নিম্ন গ্রেডগুলোতে। ২০তম গ্রেডের বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ।
২০তম গ্রেডের বেতন ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত হবে। অর্থাৎ নতুন কাঠামোয় এই গ্রেডে চাকরিতে যোগ দেওয়া কর্মচারীর মূল বেতন শুরু হবে ২০ হাজার টাকা থেকে।
অন্যদিকে, সরকারি চাকরির সর্বোচ্চ স্তর গ্রেড-১-এর মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন স্কেলে ৬ষ্ঠ গ্রেডের মূল বেতনও ৭১ হাজার টাকা থেকে ধাপে ধাপে বেড়ে ১ লাখ ৩৪ হাজার টাকা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সংবাদ মাধ্যমে কে  জানিয়েছেন, নতুন বেতন কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন ৩ ধাপে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপ ১ জুলাই থেকে কার্যকর হবে।  এরপর ছয় মাস পর দ্বিতীয় এবং পরবর্তী ধাপে বাকি অংশ কার্যকর হবে।
নতুন বেতন কাঠামোর বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
পেনশনভোগীদের নিট পেনশন বৃদ্ধির ক্ষেত্রেও ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
সরকারের হিসাবে, নতুন পে-স্কেল বাস্তবায়নে আগামী তিন বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। অর্থের চাপ ও মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই ধাপে ধাপে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের পে-স্কেলে প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, নতুন পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। এ জন্য একাধিক প্রজ্ঞাপন জারি হবে এবং কিছু বিষয় আইনগত ভেটিং শেষে এসআরও আকারে প্রকাশ করা হবে।
তবে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন জাতীয় বেতন স্কেলের আওতায় আসবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
নতুন পে-স্কেল অনুমোদনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলেও পুরো বেতন কাঠামো কার্যকর হতে সময় লাগবে ২০২৭ সাল পর্যন্ত। আর নতুন ভাতাগুলো কার্যকর হবে ২০২৮ সালের শুরু থেকে।