সাভারের হেমায়েতপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।
Manual1 Ad Code
সকালে উত্তেজনার পর কিছুটা শান্ত হয়ে দুপুরে পদ্মার মোড়ে শ্রমিকরা ফের জড়ো হয়ে প্রতিরোধের চেষ্টা চালালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় হেমায়েতপুরসহ সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পুরো ঘটনায় বহিরাগত একটি পক্ষের জড়িত থাকার দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও সকাল ১০টার পর হেমায়েতপুরের বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ছুটির পর এ কে এইচ গ্রুপ, ববস গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এসে অন্যান্য কারখানা বন্ধের চেষ্টা চালান। যমুনা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের প্রথম দফায় ছত্রভঙ্গ করে।
Manual4 Ad Code
এরপর বিকাল ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কঠোর অবস্থানে যায়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
Manual8 Ad Code
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, হেমায়েতপুরের ম্যাক্স গার্মেন্টসের সামনে চার-পাঁচশ শ্রমিক জড়ো হয়েছিলেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সাভার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় হেমায়েতপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুরো এলাকায় পুলিশ, এপিবিএন, ডিবি ও বিজিবির শতাধিক সদস্য মোতায়েন আছেন।’তথ্য সুএ:বাংলা ট্রিবিউন