আজ , ,

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

editor
প্রকাশিত November 20, 2026, 06:02 PM
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্ত্রাস, হত্যা ও নাশকতার ঘটনায় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হলেও এক মঞ্চে ওঠা বা যুগপৎ কর্মসূচির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

Manual2 Ad Code

রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা যায়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর জোট ৪০ দিনের এবং বিএনপি ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তবে নাশকতা ঠেকাতে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় ও রাজনৈতিক সংস্কার প্রশ্নে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। ফলে লিখিত অঙ্গীকার ও অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখে এই জাতীয় ঐক্য শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে তারেক রহমান বলেন, আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। অপশক্তির বিষদাঁত জনগণ ভেঙে দেবে। জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, আলাদা কর্মসূচির পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিহতে শিগ্গিরই সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং ইস্পাতকঠিন ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Manual6 Ad Code

বিরোধী সূত্রগুলোর দাবি, বিএনপির সঙ্গে বিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের ক্ষেত্রে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রী ফাটল ধরাতে কাজ করছেন। তাদের মাত্রাতিরিক্ত দাম্ভিকতা ও প্রতিপক্ষের ওপর আক্রমণ সীমা ছাড়িয়ে গেছে উল্লেখ করে বিরোধী শিবির জানতে চায়, এদের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে।

বিরোধী সূত্রগুলো আরও জানায়, এই ঐক্য সাময়িক হতে পারে না। বিএনপি এখন বেকায়দায় পড়ে ঐক্য চাইলেও সাময়িক বিপদ কেটে গেলে তারা পুরোনো কায়দায় বক্তব্য রাখবে-তা হতে দেওয়া যাবে না। এজন্য লিখিত অঙ্গীকার করতে হবে। বিরোধী দলগুলোর মতে, এই ঐক্যের নাম হবে ‘জুলাই ঐক্য’। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে টালবাহানা করা হয়েছে এবং যেসব গুরুত্বপূর্ণ ইস্যু বাতিল করা হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে এবং সংবিধানে জুলাই সংক্রান্ত বিষয় কতটুকু যুক্ত হবে, তা লিখিতভাবে চূড়ান্ত করতে হবে। তবে রাজপথে সবাই নিজ নিজ অবস্থানে থেকেই আন্দোলন করবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদ সারা দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, নাশকতার যে নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, এর বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল প্রতিরোধ গড়ে তুলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

জাতীয় ঐক্যের সঙ্গে জুলাই সনদের সম্পর্ক নেই উল্লেখ করে রিজভী আরও বলেন, ক্ষমতাসীন দল বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিছু জায়গায় নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই তা হবে। এখন দেশ ও জনগণের স্বার্থেই রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য দরকার। কারণ, হাসিনার যদি পুনর্জাগরণ হয়, তাহলে গণতন্ত্র বাঁচবে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না। আর গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীও বাঁচবেন না। ভেতরে ভেতরে যে যাই বলুক, আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর ব্যাপারে সবাই একমত।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের পক্ষ থেকে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা শেষে সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য রুখতে জুলাই শক্তির অংশ হিসাবে আমরা মাঠে থাকব। বিএনপি সরকারি দলে, আর আমরা বিরোধী দলে। তাই এক মঞ্চে বা যুগপৎ আন্দোলন হবে না। সেটা যখন আমরা সবাই বিরোধী দলে ছিলাম, তখন হয়েছে। এখন নৈরাজ্য প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব দল পৃথকভাবে কর্মসূচি দিয়ে মাঠে থাকবে। জামায়াতে ইসলামীও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে শক্ত অবস্থান নেবে।

আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে সক্রিয় রয়েছে বলে জানান দলটির সদস্য সচিব ও সংসদ-সদস্য আখতার হোসেন। তিনি যুগান্তরকে বলেন, এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব। তবে আমরা দেখছি সরকার সন্ত্রাসীদের প্রতি বেশ নমনীয় ভাব দেখাচ্ছে। সরকারের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যা করতে সরকার ব্যর্থ হচ্ছে। সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। সরকারকেই অপরাধী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে যে আলাপ হয়েছে, সেখানে এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো আলোচনার কথা আমরা জানি না। তবে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এক মঞ্চে ওঠার প্রয়োজন নেই; বরং যার যার অবস্থান থেকে অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে রাজপথে সক্রিয় থাকা এবং নিজেদের মধ্যে সমন্বয় রাখাই যথেষ্ট।

Manual1 Ad Code

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ। সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।সুএঃ যুগান্তর

Manual3 Ad Code