আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ণ
জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

Manual2 Ad Code
রাজু সরকার  (গাইবান্ধা) প্রতিনিধি:
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সমর্থন না পাওয়া সত্ত্বেও জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমের একটি অংশ সহমর্মী হলেও নানা চাপে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এমন প্রতিকূল অবস্থায় সাধারণ মানুষই দলের প্রধান শক্তি হিসেবে পাশে আছে বলে তিনি মন্তব্য করেন।
​তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে নানা অপবাদ দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দেশছাড়া করার চেষ্টা হয়েছে, এমনকি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পাটোয়ারীর মতে, ভোটে অংশ নেওয়া কোনো অপরাধ নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের প্রধান দায়িত্ব। তবে বর্তমান সরকার সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে “সিলেকশন”-এর রাজনীতিতে বেশি আগ্রহী বলে তিনি দাবি করেন।
​দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে দেশ রক্ষার গুরুদায়িত্ব জাতীয় পার্টির কাঁধেই এসে পড়েছে। তরুণদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সতর্ক করেন যে, উশৃঙ্খল জনতার রাজনীতি দেশকে চরম ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। কিছু বিক্ষুব্ধ তরুণ কর্তৃক সেনাবাহিনীকে লক্ষ্য করে অবমাননাকর বক্তব্যের সমালোচনা করে তিনি একে দায়িত্বহীন আচরণ হিসেবে অভিহিত করেন এবং আগামী ১২ তারিখের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে উশৃঙ্খলতার জবাব দেওয়ার আহ্বান জানান।
​ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহিন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সরকার, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহামান, সাংগঠনিক সম্পাদক হিরু মিয়া, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ।