আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

Manual3 Ad Code
স্বপন কুমার সিং:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে তিনি আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় অবস্থিত আশ্রমে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনের সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) রাজেশ ভাটিয়া। মন্দির ও আশ্রমের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে অতিথিরা স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কবি ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক সত্যকাম চক্রবর্তী  এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য।
সভায় অনিরুদ্ধ দাশ বলেন, “ভারতীয় হাইকমিশন, সিলেট অফিসকে সম্মান জানানো মানে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানানো। দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আমি আশাবাদী।” তিনি পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এস কে দাশ সুমন( দৈনিক কালবেলা শ্রীমঙ্গল প্রতিনিধি  । সভার শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।