চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুফিনগর গ্রামের মরহুম দুবাই হাজির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মরহুম দুবাই হাজির মেয়ে ফাতিমা আক্তারের বাড়িতে অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে টিন ও মাটির দেয়ালের তৈরি বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ফাতিমা আক্তার ওই এলাকার মোহাম্মদ শরীফ সওদাগরের স্ত্রী।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় ৩০ মিনিটের আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ঘর ও আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।