নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন।
Manual1 Ad Code
সোমবার (১১ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর ও দোহাজারী পৌরসভার সীমান্তবর্তী পাঠানিপুল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।
ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি ব্যানার নিয়ে মহাসড়কে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, ‘দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবি ছিল।
মিছিলে অংশ নেওয়াদের মধ্যে মোহাম্মদ হৃদয় ও আরিফ নামে দুজনকে শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Manual3 Ad Code
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি নিজেও দেখেছেন। মিছিলের স্থান ট্র্যাক করতে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।