আজ শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহালেই চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
রাত পোহালেই চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

Manual3 Ad Code
সাইফুল ইসলাম সুমন, শ্রীমঙ্গল থেকেঃ
দেশ বিদেশের ভ্রমন পিপাসুদের কাছে মৌলভীবাজারে বসবাসরত ২৯টি জাতিগোষ্ঠিসহ এ জেলার  বৈচিত্র্যময় সংস্কৃতি, তাদের ব্যবহৃত পণ্য, খাবার প্রদর্শন ও বিপননের লক্ষে ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী বর্ষা উদযাপন “হারমোনি ফেস্টিভ্যাল” উৎসব। যেখানে একত্রে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্টী তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবহার্য পোষাক, পণ্য ও খাদ্যাভাস তুলে ধরবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বর্ণিল জীবন ও মেলবন্ধনের প্রাণের উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এনডিসি মিজ ফাহমিদা আখতার।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টীর বসবাস। এই নৃ- জাতিগোষ্টীর প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কৃষ্টি, কালচার ও ভাষা। তবে কালের আবর্তে তা প্রায় হারিয়ে যেতে বসেছে। অন্যদিকে এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকায় প্রতিনিয়ত সমাগম ঘটে ভ্রমন পিপাসুদের।
দেশ বিদেশ থেকে আসা ভ্রমন পিপাসুদের সাথে বৈচিত্র্যময় এই জাতিগোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর সহয়োগীতায় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ২য় বারের মতো শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী “হারমোনি উৎসব”। যা বর্ষাকালেও শ্রীমঙ্গলের রুপ দর্শনে পর্যটকদের উৎসাহিত করতে এটিকে বর্ষা উদযাপন হারমোনি উৎসব বলেও আয়োজকরা  অভিহিত করেন। আগামী ১৯, ২০ ও ২১ জুন শ্রীমঙ্গল কালিঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ উৎসব।
উৎসবে সাঁওতাল, খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, গারো, সবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাইক, কন্দ, রাজভল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভুমিজ, বুনারাজি, লোহার, গঞ্জু, কড়াসহ ২৭টি জনগোষ্ঠী অংশ নিচ্ছেন, যেখানে প্রদর্শনী হবে ৮৫টি।
বিভিন্ন ব্যবহার্য পোষাক, বিভিন্ন পন্য ও খাদ্যসামগ্রীর সমন্বয়ে বসবে মেলাও। পৃথক পৃথক জাতিগোষ্ঠীর এই সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষনে, বিশেষ করে চা শ্রমিক ও খাসি সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক একাডেমী স্থাপনের দাবী সংশ্লিষ্টদের।
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানের করতে এবং স্থানীয় বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে হারমোনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্থানীয়রা।
পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী মনোমুগ্ধকর এই উৎসবে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র-জাতি-গোষ্টির কালচারাল প্রোগামের পাশাপাশি বিভিন্ন উপকরনের স্টল থাকবে বলে আয়োজকরা জানান।