আজ মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত বাহুবলের মো. শামীমুল হক

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০২:০২ পূর্বাহ্ণ
সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত বাহুবলের মো. শামীমুল হক

Manual4 Ad Code
স্বপন কুমার সিং , নিজস্ব প্রতিবেদক :
নিষ্ঠা, কর্মদক্ষতা ও কৃষকের পাশে থেকে নিরলস কাজ করার স্বীকৃতি হিসেবে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামীমুল হক (শামীম)।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পুরস্কার বিতরণ বিষয়ক জাতীয় কর্মশালা-২০২৬ এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার (২০ জুন ২০২৬) সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক পরামর্শ ও উৎপাদনমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মো. শামীমুল হক। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং হবিগঞ্জ জেলা ও বাহুবল উপজেলার জন্যও একটি গৌরবের বিষয়।
অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন এবং হবিগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ আকতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক রকিব উদ্দিন, প্রকল্প মনিটরিং কর্মকর্তা আকরাম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের এমন স্বীকৃতি অন্যদের মধ্যেও ইতিবাচক প্রতিযোগিতা, দায়িত্ববোধ ও কর্মস্পৃহা তৈরি করবে। কৃষকের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে জাতীয় পর্যায়ে সম্মান অর্জন করা সম্ভব—মো. শামীমুল হকের এই সাফল্য তারই উজ্জ্বল উদাহরণ।
এই অর্জন নতুন প্রজন্মের কৃষি কর্মকর্তাদের জন্যও একটি অনুপ্রেরণার বার্তা বহন করে—কর্মই পরিচয়, আর সততা ও পরিশ্রমই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।