আজ বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার ভিসার প্রলোভনে ব্যাংক-বিকাশ প্রতারণা হবিগঞ্জে গ্রেপ্তার ৩, উদ্ধার ৬.৬৫ লাখ টাকা

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
কানাডার ভিসার প্রলোভনে ব্যাংক-বিকাশ প্রতারণা হবিগঞ্জে গ্রেপ্তার ৩, উদ্ধার ৬.৬৫ লাখ টাকা

Manual1 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল।
এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেলপুকুর শাহপাড়ার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), হাজারীহাট শাহপাড়ার বাসিন্দা মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার মো. বাবু ইসলাম (৪৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী নাইম শাহ চক্রটির মূল হোতা।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অন্যের ভিডিও ব্যবহার এবং কানাডার নম্বরের মতো দেখতে ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল।
পরে ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো।
অভিযোগ অনুযায়ী, নবীগঞ্জের এক ভুক্তভোগীর মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে চক্রটি অনলাইন লেনদেনের মাধ্যমে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে অভিযানের সময় ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
 ১২ আগস্ট ২০২৬ দায়ের করা মামলায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।