গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কঞ্চিপাড়া ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ফোনের আসক্তি কমানো এবং মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় সমাবেশে।
আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. রাজেনুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ও ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম (বিদ্যুৎ) এবং গভর্নিং বডির সদস্য ও ২ নম্বর কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. কাওছার আখতার।
সমাবেশে আরও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মোছা. সোহানা জাবীন, বীর মুক্তিযোদ্ধা ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবুল বাছেদ সরদার, প্রাক্তন শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আমজাদ হোসেন, বুড়াইল স্কুল ও কলেজের শিক্ষক মো. শাহজাহান মিয়া, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল রকিব, কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন সরদার এবং ফুলছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান শহীদ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মো. আবুল হাসনাত সরদার, গোলাম কিবরিয়া মিঠুন ও আলম মিয়া। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হয় এবং পড়াশোনায় মনোযোগী থাকে, সে বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রযুক্তির যুগে মোবাইল ফোন শিক্ষার্থীদের শিক্ষার সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার তাদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করতে পারে। তাই শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে সচেতন ও নিয়ন্ত্রিত করার পাশাপাশি মাদকসহ সব ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন।
শিক্ষার্থীদের কল্যাণে কলেজের পরিবেশ আরও উন্নত করা, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও সমাবেশে আলোচনা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক এলিন ইসলাম। এতে সভাপতিত্ব করেন কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান।
সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।