আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

Manual4 Ad Code

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এ ঘটনায় হিমেল নামের একজন অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ, প্রাইভেটকারে থাকা চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।

Manual7 Ad Code

তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।

মোস্তাফিজুর রহমান জানান, গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে।

তিনি আরও জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলেও জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুএ: আরটিভি